পরশুরামের সীমান্ত এলাকা থেকে আটক নাইজেরিয়ান নাগরিক

ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রবিবার ভোরে তাকে উপজেলার নিজ কালিকাপুর থেকে আটক করা হয়।

আটক নাইজেরিয়ান হলেন- গিলবার্ট অ্যাপেহ, বাবার নাম এমেকা। পাসপোর্ট নম্বর এ১০৮৮০৭৩৮।

আটক ব্যক্তির পাসপোর্ট অনুযায়ী দেখা যায়, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসে। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২১৫৮/এমপির আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট অ্যাপেহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসামগ্রী জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।’