ভারতে পাচারকালে স্বর্ণসহ নারী আটক

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম শিউলি আক্তার (২৩)। তিনি শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। শুক্রবার দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবি এ তথ্য জানায়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করে। বুধবার বিকেলে শিউলি আক্তার খুলনা রোড মোড় থেকে একটি ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি করে তার কাছে থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। অধিনায়ক আশিকুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এদিকে, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত নারীকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত