জামালপুরের সদর উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী। তবে স্বামীর মৃত্যুর খবর এখনো জানে না আহত স্ত্রী।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্যটি জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়েকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষক রাজু আহমেদ। তিনি ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। আহত স্ত্রী সাদিয়া আক্তার তিনি জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু আহমেদ নিজ বাড়ি থেকে বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পেছনে আসন থেকে স্ত্রী সাদিয়া আক্তার পড়ে যান। এ সময় পেছন দিকে তাকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসকরা রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাদের কোন অভিযোগ নাই। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।