ঢাকার দুই প্রান্তে অবরোধ, যানজটে স্থবির রাজধানী

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভাতা বৃদ্ধির দাবিতে আজ রবিবার সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে জড়ো হতে থাকেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এখন পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এতে করে যানজটে স্থবির হয়ে গেছে শাহবাগ ও আশেপাশের এলাকা। ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালগামী রোগীদের ও অন্যান্য যাত্রীদের। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়।

এদিকে আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার সড়ক অবরোধ করে রেখেছিলেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সরে যান তারা।

বিক্ষোভের ফলে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণিসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রীও এ সময় যানজটে আটকে পড়েন।

সড়কে আটকে পড়া বিক্ষুব্ধ যাত্রী ও চালকদের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফায় বাগ্‌বিতণ্ডা হতে দেখা যায়।

তবে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়।