নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার নাবালিকা কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী মো. সুজন (২৬) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে জেলার কিশোরগঞ্জ উপজেলার কেশবা মডেল পাড়াস্থ দোদুল মিয়ার(৪০) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব-১৩ কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানায় সপোর্দ করেছে।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ ডিসেম্বর রাত আটটার দিকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুরের নাবালিকা কিশোরীকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই তকেয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. সুজন (২৬) তার দলবলসহ অপহরণ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।