শরীয়তপুর

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন সরদার ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করার কারণ কী? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে- যাতে দেশে দুর্নীতি-অনিয়ম চলতে পারে, জবাবদিহিতা থাকবে না।

প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ ও সময় টিভির প্রতিনিধি বিএম ইশ্রাফিল বলেন, সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এ সময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন, বিশেষ প্রতিনিধি বশির হোসেনের ওপর শাহবাগ বাংলামোটর এলাকায় দুর্বৃত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়।