নিউমোনিয়ায় শিশুমৃত্যু ৭৫% কমেছে বিসিপ্যাপ পদ্ধতিতে

শিশুদের নিউমোনিয়া চিকিৎসায় বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি বাবল সিপ্যাপ (বিসিপ্যাপ) চিকিৎসাপদ্ধতি বেশি কার্যকরী বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সংস্থার বিজ্ঞানীরা জানান, অক্সিজেন থেরাপির তুলনায় বাবল সিপ্যাপে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যুহার কমেছে ৭৫ শতাংশ। বাংলাদেশ ও ইথিওপিয়ায় ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এ তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে আফ্রিকার ৩৭টি, ইথিওপিয়ার ২৪, নাইজেরিয়ার ১২ এবং মালাউইতে একটি হাসপাতালে ইমপ্লেমেন্টেশন রিসার্চের মাধ্যমে সিপ্যাপ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

গতকাল রবিবার রাজধানীতে আইসিডিডিআর,বি আয়োজিত ‘বাবল কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার (বিসিপ্যাপ) : শিশুদের তীব্র নিউমোনিয়া চিকিৎসার জন্য স্থানীয়ভাবে তৈরি, সাশ্রয়ী মূল্যের এবং জীবন রক্ষাকারী একটি উদ্ভাবন-বৈশ্বিক স্কেল-আপ রোডম্যাপ’ শীর্ষক  সেমিনারে এ তথ্য জানানো হয়। আইসিডিডিআর,বির সাসাকাওয়া অডিটোরিয়ামে সেমিনারটি হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারপারসন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। বিশেষ অতিথিরা হলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহম্মেদ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

কি-নোট প্রেজেন্টেশন দেন বারডেম জেনারেল হাসপাতাল (চাইল্ড ও মাদার উইং)-এর পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা।

অধ্যাপক ডা. সায়েবা আক্তার এই উদ্ভাবনের জন্য দেশের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও আইসিডিডিআর,বির বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, সিনিয়র সায়েন্টিস্ট ডা. মোহাম্মদ জুবায়ের চিশতী বক্তব্য দেন।