ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দাপ্রধান) রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘ডিবি জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি অপরাধ করলে আমারও বিচার হবে।’
গতকাল রবিবার শাহবাগ থানা এলাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় ডিবিপ্রধান বলেন, ‘আপনারা আমাদের মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি ডিবির কোনো সদস্য যদি অপরাধ করেন, এই তথ্যও দিন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাই। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।’
তিনি বলেন, ‘জনগণের পুলিশে পরিণত হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। আমরা সেই পুলিশ হতে চাই, যে পুলিশ স্বাধীনতাযুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লব আমাদের মনেপ্রাণে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
রমনা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘জনগণের কাক্সিক্ষত সেবা ও জানমাল রক্ষায় যা করা দরকার, তাই করতে হবে। পুলিশ সম্পর্কে কোনো বিরূপ ধারণা যেন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রেখে কাজ করতে হবে। আপনারা যখন মসজিদে নামাজ পড়েন, মন্দিরে পূজা করেন, সে সময় পুলিশ সদস্যরা আপনাদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। আমাদের কোনো কর্মঘণ্টা নেই। আমরা চাই বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ। সম্প্রীতির মাধ্যমে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সবাই একত্রে বসবাস করতে পারবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একে অন্যের পরিপূরক। জনগণ-পুলিশ একসঙ্গে থাকতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত শাহবাগ থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।