লিভারপুলের জয়রথ ছুটেই চলেছে। ২০২৪ সালের শেষ ম্যাচেও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা। রবিবার ওয়েস্ট হ্যামের মাঠে ৫-০ গোলের জয় পেয়েছে লিভারপুল।
ম্যাচের ৩০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি-বক্সে আলগা বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। তার দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। সালাহর পাস থেকে গোল করেন তিনি।
ম্যাচের ৪৪তম মিনিটে সালাহ নিজেই গোল করে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন। বিরতির পর আরও দুই গোল হজম করে ওয়েস্ট হ্যাম। ৫৪তম মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন ট্রেন্ড আর্নল্ড। আর লিভারপুলের পঞ্চম গোলটি আসে দিয়েগো জোতার পা থেকে।
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ড্র করল টটেনহ্যাম। তাদের ম্যাচ ছিল উলভ্সের বিরুদ্ধে। সেই ম্যাচ ২-২ গোলে শেষ হয়। টটেনহ্যামের হয়ে গোল করেন রদ্রিগো বেন্টাঙ্কুর এবং ব্রেনান জনসন। উলভ্সের হয়ে গোল করেন হোয়াং হি-চ্যান এবং জরগান স্ট্র্যান্ড লারসেন। ড্র হয়েছে ফুলহ্যাম ও বোর্নমাউথের ম্যাচ। সেই ম্যাচও শেষ হয় ২-২ গোলে। অন্য ম্যাচে এভারটন ০-২ গোলে হেরে গিয়েছে নটিংহ্যাম ফরেস্টের কাছে।
১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। তবে একটি ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা চেলসিও ১৮ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ৩৫ পয়েন্ট।