সিলেট সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেডিসিনসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।