আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু। হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ। দিন দুয়েক অভিনেতাকে রুম থেকে বের হতে না দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের।
তবে পচা গন্ধ না বেরনো পর্যন্ত কেউই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেননি। শেষমেশ দুই দিন পর হোটেলের রুম থেকেই উদ্ধার হয় অভিনেতার মরদেহ।
জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ।
ফের সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। কিন্তু দু দিন বাদে তার মৃত্যুর খবর মেলে।
এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে।
হোটেল কর্তপক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা দ্রুত গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে।
আম্মাইয়ারিআত্থে, পঞ্চগনির মতো একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শঙ্কর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণী টেলিদুনিয়া এবং ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।