অভিনেতা সোহেল খানকে দাফন করা হয়েছে নিজ গ্রাম রাজধানীর ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর তাকে সেখানে দাফন করা হয়। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ‘নসীব’ নামের সিনেমার শুটিয়ে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।