কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শেখ এহসান উদ্দিন।
জানা যায়, অপহৃতদের মধ্যে ৩ জন বনকর্মী ও অপর ১৬ জন শ্রমিক। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে যান ১৯ জন বনবিভাগের কাজে নিয়োজিত শ্রমিক। সেখান থেকে তাদেরকে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা বলে জানান বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।
বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন ও র্যাবসহ স্থানীয় জনগণ পাহাড়ে অভিযান চালাচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।