জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ 

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সোমবার (৩০ ডিসেম্বর) ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে সকাল থেকে বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ 

এর আগে গত ১৯ ডিসেম্বর মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন প্রসিকিউশন পক্ষে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত একদিনের (৩০ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পাশাপাশি ওই দিন মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ পুলিশের আরও ছয় কর্মকর্তার বিষয়ে দুই মাসে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।