যেসব দলের ভোট কম তারা আনুপাতিক নির্বাচনের কথা বলছে: রিজভী

যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয় তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন— আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কিসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে?

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নীলফামারী সদর উপজেলার দুবাছুরি দ্বি-মুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক জনসভায় তিনি এসব কথা বলেন। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজনে ২০১৪ সালের ১৮ জানুয়ারি নীলফামারী সদর উপজেলার র‌্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপির নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের এই জনসভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেছেন, যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চান; যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের কোনো পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূস সাহেবকে। কিন্তু আমাদের বক্তব্য অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা-জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এখনো চালের দাম কমেনি, চিনি, আলুর দাম কমেনি। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারো যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? বাজারে বয়লার মুরগির দাম কেন বাড়ছে? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ৫ মে রাতে শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশে হত্যা, ছিনতাই, ডাকাতি, ব্যাংক ডাকাতি হচ্ছে। আইজিপি তার বক্তব্যে বলছে আমাদের হাতে ম্যাজিক নেই। একদিনে আইনশৃংখলায় পরিবর্তন আনা সম্ভব না। কিন্তু দেশের মানুষ তো দেখবে আপনার দায়িত্ব ও উদ্যোগ। কেনো ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে, কারা করছে, কেনো প্রকৃত আসামীদের গ্রেপ্তার করতে পারছেন না। জনগণ আপনাদের ব্যর্থতা দেখতে চায় না, জনগণ ভালো ফলাফল দেখতে চায়।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক দিককে আবার স্বাভাবিক করে তুলতে হবে। কিন্তু এখনও জিনিসপত্রের দাম কেনো কমাতে পারছেন না, কেন সোনালী মুরগী বয়লার মুরগীর দাম ২০-৩০ টাকা বাড়বে। কেন চিনির দাম প্রতিদিন ১০টাকা করে বাড়বে। ব্যাংকে মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন। কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না, যে সাধারণ মানুষ, ব্যবসায়ীরা ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকাই উত্তোলন করতে না পারে। এমন পদ্ধতি অবিলম্বে করুন যেন দেশের সম্পদ ও টাকা বাইরে পাচার না হয়, মানুষ যেন প্রয়োজনে ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারে। 

অনেক তরুণ শিক্ষার্থীরা দেশের সকল সংবিধান বাতিল করতে বলছে এই কথা উল্লেখ করে রিজভী বলেন, একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটি সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। কিন্তু বাতিল করা যেতে পারে না। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১ এর স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের ধারাবাহিকতা রয়েছে, সংশোধন রয়েছে। কিন্তু বাতিল করা হয়নি।