দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নীরোগ ফাউন্ডেশন। দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাদের সহযোগিতায় সংস্থাটি স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সেইসঙ্গে সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, প্রথম ধাপে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়িতে সংস্থার প্রধান কার্যালয়ে ১২০টি কম্বল বিতরণ করা হয়েছে। পরে বিকালে উপজেলার বিভিন্ন অঞ্চলে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিদুর রহমান, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. ইউসুফ আলী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগম এবং নীরোগ ফাউন্ডেশনের সদস্যরা।
নীরোগ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফারজুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এ বছর আমাদের লক্ষ্য ২ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া। সব শুভাকাঙ্ক্ষী ও দাতাদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।