চবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, সন্দেহে আটক ৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন এক শিক্ষার্থী। এই ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাস অভিমুখে শাটল ট্রেনে শিক্ষার্থীর ওপর আক্রমণ করে ছিনতাইকারীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজের ওপর আক্রমণ করে। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাতে জখম করা হয়। ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী এবং তার বান্ধবী ট্রেনের শেষের দ্বিতীয় নম্বর বগিতে ছিলেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেয়। পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীর আঘাত করে। পরে ওই শিক্ষার্থীর চিল্লাচিল্লিতে ট্রেন থামানো হয়। তবে ট্রেন থামানোর আগেই ছিনতাইকারী দুইজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

পরে শাটল ট্রেন শহর থেকে ক্যাম্পাস পৌঁছালে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই ঘটনায় ছিনতাইকারী সন্দেহে ৬ জন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ট্রেনে শহর থেকে ক্যাম্পাস আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।