অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা-জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূস সাহেবকে। কিন্তু আমাদের বক্তব্য একটি জনপ্রত্যাশা-জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না।
আজ সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কিছু শিক্ষার্থী দেশের সংবিধান বাতিল করতে বলছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, একটি জাতীর আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটি সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। কিন্তু বাতিল করা যেতে পারে না। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে। মহান স্বাধীনতার ঘোষককে অস্বীকার করা হবে। ৩০ লাখ শহীদকে অস্বীকার করা হবে, ২ লাখ মাবোনের ইজ্জতকে অস্বীকার করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের ধারাবাহিকতা রয়েছে, সংশোধন রয়েছে। কিন্তু বাতিল করা হয়নি।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে নীলফামারী জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ।
রিজভী বলেন, এখনও চালের দাম কমেনি, চিনি, আলুর দাম কমেনি। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কি লাভ হলো? বাজারে বয়লার মুরগির দাম কেন বাড়ছে।
আনুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবের বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, কেউ কেউ বলছেন- আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কিসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে?
যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয় তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে মন্তব্য করে রিজভী বলেন, যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চান; যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের কোনও পদ্ধতি নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র কিন্তু মানুষ ধ্বংস করে দেবে।
১৪ দিন পর উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার