পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ ভ্যানসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। এ সময় পিকআপ ভ্যানের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই নেতাসহ ৯ জনকে আটক করা হয়। গতকাল সোমবার ভোরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইউনিয়নের ছাত্রদল সভাপতি ইমরানসহ (২৮) একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দ করা মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।