লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দালালবাজার এলাকায় প্রথম দফায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুপাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী প্রতিটি উপজেলায় অভিযান শুরু করার কথা বলেন জেলা প্রশাসক।
এর আগে এক সপ্তাহ সময় দিয়ে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ থেকে সরকারি জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। সময়সীমা শেষে গতকাল এ উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। প্রথম দফায় সড়ক ও জনপথ বিভাগের ৬ কিলোমিটার সড়কের দুপাশের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এদিকে উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বাস্তবায়নের দাবি তাদের।
পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ‘সড়কের দুপাশে দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে দীর্ঘ যানজট ও দুর্ঘটনার শিকার হতে হয়। তাই উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে।’
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ‘সওজ, পাউবো বা জেলা প্রশাসনের কোনো সম্পত্তিতে অবৈধ স্থাপনা থাকবে না। বহুতল ভবন বা স্থাপনা সব উচ্ছেদ করা হবে। উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রতিটি বিভাগের কর্মকর্তারা।’