কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করেছে অ্যাডহক কমিটি। গতকাল সোমবার অ্যাডহক কমিটির সভাপতি মো. শাহ্জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত চিঠি থেকে জানা যায়, অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভাগনে জাকের হোসেন ২০২২ সালের দিকে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন। পরে তিনি ২০২৩ সালের ২৩ জুলাই মামা অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে ইতালি চলে যান। সেখানে অবস্থান করেও কলেজে থেকে নিয়মিত বেতন-ভাতা তুলতেন জাকের হোসেন। সেই সঙ্গে এ অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। বিষয়টি কলেজের অ্যাডহক কমিটির নজরে আসে। এ নিয়ে সোমবার এডহক কমিটির সব সদস্যদের সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. শাহ্জাহান বলেন, ‘অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহযোগিতায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট জাকের হোসেন প্রবাসে থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতেন। এর কোনো রেজ্যুলেশন বা কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি অধ্যক্ষ। শুধু তাই নয়, কলেজের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে অধ্যক্ষকে বেশ কয়েকটি নোটিস করা হয়। কিন্তু তিনি সঠিক কোনো উত্তর দিতে না পারায় কলেজের অ্যাডহক কমিটির সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’