১৮ বলে দেশের দ্রুততম ফিফটি অংকনের, খুলনার ২০৩/৪

১৫তম ওভার চলাকালীন ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিলো খুলনা টাইগার্স। ওই সময় মাঠে আসেন মাহিদুল ইসলাম অংকন। ইনিংস শুরুর আগেই আলিসের বলে লেগ বিফোর হলেও বেঁচে যান ডিআরএসে। তার একটি সহজ ক্যাচ ফেলে দেন পারভেজ ইমন। দ্বিতীয় জীবনে একবারে হাত খুলে খেলতে থাকেন। হাঁকান ৬টি ছক্কা। তার ২২ বলে ৫৯ রানের ইনিংসেরর কল্যানে শেষ ৫ ওভারে ৮৪ রান তোলে খুলনা। তাতে দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান।

বিপিএল ইতিহাসে বাংলাদেশের দ্রুততম ফিফটির কীর্তিও গড়েন অংকন। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ৫০ ছুঁয়েছিলেন রনি তালুকদার। বিপিএলের শেষ চার ওভারে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করার রেকর্ড গড়েন অংকন।

কৃতিত্ব দিতে হবে উইলিয়াম বোসিসটোকেও। বিপিএল অভিষেক ম্যাচেই ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৭৫ রান করে। ৮টি চার ও ৩টি ছ্ক্কা হাঁকান তিনি। এ দুজনের জুটিতে আসে ৩৫ বলে ৮৬ রান। 

 ৯ মৌসুম পর বিপিএল প্রত্যাবর্তনের দিনে টস জিতে আগে বোলিং করতে নামে চিটাগং কিংস। শুরুটাও ভালো করে তারা। তবে পঞ্চম উইকেটের এই জুটিতে বড় লক্ষ্য তাড়া করতে হবে তাদের।