জাহাজে ৭ খুন, আসামি আকাশ মন্ডলের স্বীকারোক্তি

চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারেজ জাহাজ এমভি আল বাকেরায় ৭ নাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশ মন্ডল ইফরান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৭ দিনের রিমান্ড শেষে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল ইসলামের আদাতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন। এ সময় দুপুর প্রায় ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ২৬ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

এর আগে গেল ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাকেরায় ৭ জনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জুয়েল রানা নামে একজন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল।

এই ঘটনায় গত ২৪ ডিসেম্বর জাহাজের মালিকপক্ষ মাহাবুব মোর্শেদ বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন গত ২৫ ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মন্ডল ইফরানকে আটক করে র‌্যাব ১১ এর একটি টিম ৷ একই দিন সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা হরিনা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। আসামি আকাশ মন্ডল আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। আমরা আশা করি এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার পাব।