১২ শিক্ষককে ভেতরে রেখে স্কুল গেটে এলাকাবাসীর তালা

ময়মনসিংহের নান্দাইলে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ শিক্ষককে অফিস কক্ষে আটকে রেখে বাইরে দিকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা স্কুলের গেটে বসে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখতে দেখা যায়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসূলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটি শুরু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চলমান থাকলেও সরকারি বিশেষ প্রকল্পের আওতায় ২০১৩ সাল থেকে  অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম  চালু করা হয়। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা ও জনবল নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে স্বাভাবিকভাবেই অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে আসছিল।

২০২৪ সালে হঠাৎ কর্মরত শিক্ষকগণ হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে। তারা জানান চলতি শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে না, তাদের টিসি দিয়ে অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দিবেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ বছরের শেষ দিন হলেও কোনো শিক্ষার্থীকে ভর্তি না করায় তারা সকল শিক্ষকদের অফিস রুমে আটকে রেখে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
 
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক সংকটের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বসে একটি সমাধান করে দিয়েছি। কোনো শিক্ষার্থীকে কোনো বিদ্যালয়ে যেতে হবে না এখানেই বিগত শিক্ষাবর্ষের ন্যায় স্বাভাবিক ভর্তি করা হবে।