ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বাড়িতে সিদঁ কেটে নগদ অর্থ, মোবাইল ফোন ও ঘরের সরঞ্জাম নিয়ে গেছে চোরের দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঁশহাটি গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি চোর চক্র এই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে, জয়নাল শেখ, হানিফ শেখ, মামুন শেখ ও মৃত গিয়াসউদ্দিনের দুই ছেলে শামীম শেখ, জাকির শেখের ঘরে গভীর রাতে সিদঁ কেটে চুরি করে।
শামীম শেখ বলেন,‘আমার ঘর থেকে পিক-আপের কিস্তির জন্য রাখা ৩০ হাজার নগদ টাকা, একটি বিদেশি ঘড়ি, দুটি স্মার্ট ফোন নিয়ে গেছে,আমার ছোট ভাই জাকিরের ঘর থেকে একটি স্মার্ট ফোন, ১৫ হাজার নগদ টাকা চুরি হয়েছে।’
হানিফ শেখ বলেন,‘আমাদের তিন ভাইয়ের ঘরে সিদঁ কাটলেও আমার ঘর থেকে একটি স্মার্ট ফোন ও আমার ছোট ভাই মামুনের ঘর থেকে একটি স্মার্ট ফোন ছাড়া তেমন কিছু নিতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।’
এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, এই মাত্র আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।