মেলবোর্ন টেস্টে ভারতের পরাজয়ের পেছনে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকে দায়ী করছেন অনেকে। তাদের দাবি, ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়ালকে ‘ভুল আউট’ দিয়েছেন টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা। আবার ভারত অধিনায়ক রোহিত শর্মাসহ কেউ কেউ এই আম্পায়ারের পাশেও দাঁড়িয়েছেন। তেমনই একজন ভারতের সাবেক উইকেটকিপার সুরিন্দর খান্না।
১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা সুরিন্দর দায়ী করেছেন জয়সোয়ালকেই। তিনি বলেছেন, ‘এখানে তো বিতর্ক তৈরির কিছু নেই। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে যে, বল গ্লাভসে লেগেছে। তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী (ঝুটে লোগ হ্যায় ইয়ে)।’
আউট ঘোষণার পর মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন জয়সোয়াল। তবে সুরিন্দর দায়ী করেছেন তাকেই, ‘আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। আপনার হাতে ব্যাট থাকলে বল লেগেছে কিনা সেটা না বোঝার কোনো কারণ নেই। ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। আইপিএল আসুক, দেখবেন এই খেলোয়াড়েরাই রান পাবে।’