কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় উঠে এসেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। লঙ্কান পেসার অসিতা ফার্নান্দোর সাথে চরম বাকবিতণ্ডা ও প্রায় শারীরিকভাবে সংঘর্ষে জড়ানোর অভিযোগে আইসিসির কঠোর শাস্তির ঝুঁকিতে পড়েছেন তিনি।
ইনিংসে ১৭তম ওভারে অসিতা ফার্নান্দোর একটি ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৫ রানে আউট হন জয়সওয়াল। আউটের ঠিক আগের ওভারেই ফার্নান্দোকে পরপর তিনটি চার মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার। উইকেট পাওয়ার পর ফার্নান্দোর করা উদযাপন ও মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়ে প্যাভিলিয়নে ফেরার পথে হঠাৎ পেছনে ঘুরে ফার্নান্দোর দিকে তেড়ে যান জয়সওয়াল।
দুই খেলোয়াড় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন এবং ভিডিও ফুটেজে দুজনের মধ্যে মাথা ঠোকাঠুকির দৃশ্য দেখা যায়। মাঠে থাকা অন্য লঙ্কান খেলোয়াড়, ভারতীয় ব্যাটার দেবদত্ত পাডিক্কাল এবং অন-ফিল্ড আম্পায়াররা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এমসিসি ও আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, মাঠে যেকোনো ধরনের শারীরিক আক্রমণাত্মক আচরণ বা সহিংসতা লেভেল ৪ লেভেলের গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। যদি ম্যাচ অফিসিয়ালরা তদন্ত শেষে এটিকে লেভেল ৪ অপরাধ হিসেবে চিহ্নিত করেন, তবে জয়সওয়াল সর্বনিম্ন ৫টি টেস্ট ম্যাচ বা ১০টি ওয়ানডে কিংবা ক্ষেত্রবিশেষে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
উল্লেখ্য, ক্রিকেট ক্যারিয়ারে এটি জয়সওয়ালের প্রথম উগ্র আচরণ নয়। এর আগে ২০২২ সালের দুলীপ ট্রফিতে প্রতিপক্ষ ব্যাটার টি রবি তেজার সাথে একই ধরনের ঝামেলায় জড়িয়েছিলেন তিনি, যার ফলে সে সময় অধিনায়ক অজিঙ্ক রাহানে তাকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যেতে বাধ্য করেছিলেন।
রুবেলের রহস্য স্পিন আর সাব্বিরের ফিফটিতে এইচপি দলের টানা দ্বিতীয় জয়