‘এখন আর ওই দিন নাই’ –নাহিদকে নিয়ে সোহান

বিপিএলে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। প্রথম ম্যাচে ৩ ওভারে মাত্র ১১ রান দেওয়ার পর গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৭ রানে নেন ৪ উইকেট। রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়ে দীর্ঘদেহী এই পেসারই ম্যাচসেরা। গতির সঙ্গে বাউন্সের দারুণ মিশেলে সবার মন জয় করে নিয়েছেন নাহিদ। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, নাহিদকে স্বাধীনভাবে বোলিং করার সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সোহান বলেন, ‘নাহিদ স্বাধীনভাবে বোলিং করছে। খুবই দ্রুতগতির বোলার। নিজের মতোই বোলিং করছে। যখন কোনো কিছু নিয়ে সংশয়ে থাকে, তখন আমাকে বলে যে এটা করতে চাচ্ছি এখন। আমার মনে হয়, ও নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বোলিং করছে। মাত্র দুটি ম্যাচ হয়েছে। আমরা দল থেকে চাইব, সে যেভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করছে, সেটাই করুক। প্রক্রিয়াটা অনুসরণ করুক।’

পেসারদের বড় শত্রুর নাম ইনজুরি। এজন্য পেসারদের বাড়তি যত্ন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হয়। এ বিষয়ে সোহান বলেন, ‘পেস বোলার যারাই থাকে, সবারই একটা সেট-আপ থাকে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ করবে। একইসঙ্গে দল ওর কাছে যেটা চাচ্ছে, সেটা দেওয়ার জন্য ভালোভাবে চেষ্টা করছে। ও খুব ভালোভাবে জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে। বিসিবি থেকেও ফিজিও, ট্রেনাররা পর্যবেক্ষণ করছে। তাই আমার মনে হয়, এটা বড় কোনো ইস্যু না। এখন আর ওই দিন নাই। আমাদের পেস বোলিং যেভাবে এগিয়ে যাচ্ছে, সবাই নিজেরটা জানে- কার কী করতে হবে।’