ফের খুলেছে এস আলম গ্রুপের বন্ধ কারখানা

এক সপ্তাহ আগে এস আলম গ্রুপের বন্ধ ঘোষণা করা ৯টি কারাখানা আবার খুলে দেওয়ার নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন থেকে এসব কারখানা খুলে দেওয়া হচ্ছে। যেখানে কাজ করতেন অন্তত ১২ হাজারের বেশি কর্মী।

গ্রুপের উপব্যবস্থাপক আশীষ কুমার নাথ গণমাধ্যমকে কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, 'বছরের প্রথম দিন আজ বুধবার থেকে এসব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কাজ শুরু হয়েছে কারখানাগুলোতে।'

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে কি কারণে একযোগে কারখানা বন্ধ এবং খোলাও হলো সেটি পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ।

কারখানাগুলো হলো— চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। এর মধ্যে ঢাকাভিত্তিক গ্যালকো স্টিল ছাড়া বাকি সব কারখানাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মইজ্জারটেক এলাকায় অবস্থিত।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।