বাদ পড়লেন মিচেল মার্শ, সিডনিতে অভিষেক হচ্ছে ওয়েবস্টারের

টানা বাজে পারফর্মেন্সের কারণে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। শেষ ৫ ইনিংসে মাত্র ২০ রান করায় মার্শ বাদ পড়েছেন। তার জায়গায় সিডনিতে অভিষেক হতে যাচ্ছে পেস বোলিং অল-রাউন্ডার বো ওয়েবস্টারের। চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সিডনি টেস্ট। এ উপলক্ষে আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, সিডনি টেস্টে একটি পরিবর্তন নিয়েই তারা মাঠে নামবেন। পাঁজর ও পিঠের সমস্যায় পেসার মিচেল স্টার্কের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গেছে।

সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘মিচি (মার্শ) তো প্রত্যাশা মতো রান কিংবা উইকেট পায়নি। তাই আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হতে হবে। বো (ওয়েবস্টার) দলে এসেছে। সে দারুন সময় কাটাচ্ছে। মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কী করতে পারে। তবে আমাদের মনে হয়েছে বোকে সুযোগ দেওয়ার এটাই সময়।’

৩১ বছর বয়সী ওয়েবস্টার শেফিল্ড শিল্ডের সর্বশেষ মৌসুমে ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করেছেন। তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি ২৯.৩০ গড়ে নিয়েছেন ৩০টি উইকে। শেফিল্ড শিল্ড ইতিহাসে ওয়েবস্টারের এক এক মৌসুমে ৯০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ ছিল মাত্র একজনেরই। তিনি ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স।

সিডনি টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।