ক্রিকেট এমনই একটা খেলা- যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার জন্য অস্ট্রেলিয়ার মতো দলকেও ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে! শ্রীলঙ্কার কাছে হারের পর অজি অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘দলটা বেশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ হতাশ আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’
চলতি আসরে জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে গেছে অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে ১৮২ রানের লক্ষ্য ১৮ ওভারেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার পথ প্রায় বন্ধ হয়ে যায়। সুপার এইটে উঠতে আগামী ম্যাচে তাদের বড় ব্যবধানে হারাতে হবে ওমানকে। পাশাপাশি জিম্বাবুয়েকে হারতে হবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে। এরপরও রানরেটের সমীকরণ মিলতে হবে অস্ট্রেলিয়ার পক্ষে।
মার্শ বলেন, ‘ড্রেসিংরুমে এখন অনেক আবেগ কাজ করছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এত ভালো শুরু পেয়েও শেষদিকে আমরা কাজে লাগাতে পারিনি। এটাই আমাকে হতাশ করেছে। আমাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপে স্পিন ভালো খেলার সামর্থ্য আছে। কিন্তু উদ্বোধনী জুটির পর আর কোনো বড় জুটি গড়তে পারিনি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুটা দারুণ ছিল অস্ট্রেলিয়ার। প্রথম আট ওভারে উইকেট না হারিয়ে ৯৭ রান তোলে তারা। কিন্তু পরে ধস নামে ব্যাটিংয়ে। শ্রীলঙ্কা জয় তুলে নেয় ৮ উইকেটের বিশাল ব্যবধানে। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা খেলেন ম্যাচ জেতানো ৫২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস। নিশাঙ্কার প্রশংসায় মার্শ বলেন, ‘কেউ যখন বিশ্বকাপের ম্যাচে রান তাড়ায় ৫০ বলে ১০০ রান করে, তখন তাকে সত্যিই সম্মান জানাতেই হয়। তাকে টুপিখোলা অভিনন্দন। অবিশ্বাস্য এক ইনিংস! তার বিপক্ষে আমাদের কাছে কোনো জবাব ছিল না।’
ইয়ামালের পেনাল্টি মিস; জিরোনার মাঠে হেরে গেল বার্সেলোনা
অস্ট্রেলিয়াকে প্রায় ছিটকে দিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা