ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

সেচ পাম্পের পাশে থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সেচ পাম্প এলাকায় তিনটি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে একটি  মাটিতে পড়ে ছিল অন্য একটি চুরি হয়। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে এসেছিল। এ সময় একটি পিলারে থাকা ট্রন্সমিটার চুরি করলেও বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সফরমার রেখে পালিয়ে যায় চোরের দল।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।