আজ থেকে কাগজে-কলমেও এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের

চট্টগ্রামের ঐতিহ্যবাহী এম এ আজিজ স্টেডিয়াম বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে ২৫ বছরের লিজে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতদিন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল ভাগাভাগি করে হতো। কিন্তু আগামীতে আর এই স্টেডিয়ামে ক্রিকেট হবে না। ফুটবলের জন্য নিবেদিত থাকবে বন্দর নগরীর এই স্টেডিয়াম। আজ ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

গত ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রথম কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। তবে সেদিনই বাফুফের তরফ থেকে জানানো হয়, ১০ বছরের জন্য এই স্টেডিয়াম নিয়ে কোনো লাভ নেই। কারণ ফিফার আন্তর্জাতিক মানে এটি গড়ে তুলতে যথেষ্ট সময় লাগবে। এজন্য করতে হবে বড় বিনিয়োগ। ফলে অন্তত ২০-২৫ বছর দরকার। তাই ২৫ বছরের জন্য স্টেডিয়ামটি চেয়ে এনএসসিকে ফের চিঠি দেয় বাফুফে।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২৫ বছরের জন্যই স্টেডিয়ামটি বাফুফেকে দিয়েছে সরকার। তবে স্টেডিয়াম বরাদ্দ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ১২টি শর্ত দিয়েছে বাফুফেকে। স্টেডিয়ামের কোনো সংস্কার করতে হলে সেটি পরিষদকে জানিয়ে করতে হবে এবং সব ব্যয় বহন করতে হবে বাফুফেকেই।