টমাস ডুলির ভাগ্য নির্ধারণ করছে বাফুফে

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলিকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। পাকিস্তানের কাছে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের পর কোচের পারফরম্যান্স নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব চেয়েছে কমিটি। তবে আরও পর্যালোচনার জন্য পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং প্রধান কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে শনিবার বৈঠকে বসে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোচ টমাস ডুলি। বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও অংশ নেন। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান অনলাইনে যুক্ত হয়েছিলেন।

বৈঠকে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কোচকে বিভিন্ন প্রশ্ন করা হয়। কমিটির সদস্যরা একে একে নিজেদের প্রশ্ন তুলে ধরেন এবং সেসবের জবাব দেন ডুলি। তবে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছে কিংবা কোচ কী উত্তর দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি কমিটির সদস্য ও দলীয় ম্যানেজার বাবু। কোচের সঙ্গে আলোচনা শেষে তাকে বিদায় করে নিজেদের মধ্যে বৈঠক করে কমিটি। সেখানে ডুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আরও বিস্তারিত পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছে কমিটি।

বাবু জানান, কোচকে রাখা হবে নাকি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনে আবারও কোচের সঙ্গে বসবে কমিটি। খুব শিগগিরই পরবর্তী বৈঠক ডাকার পরিকল্পনা রয়েছে। কমিটির কোনো সদস্যের কোচকে প্রশ্ন করার বা কিছু জানার থাকলে সেই সুযোগও দেওয়া হবে। তিনি বলেন, ‘কোচের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা শেষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা বাফুফের নির্বাহী কমিটিতে পাঠানো হতে পারে। কারণ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাহী কমিটির।’ কোচের ব্যর্থতার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া এবং কোচিং স্টাফের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বাবু স্বীকার করেন, বিষয়গুলো তারা বিবেচনায় নিচ্ছেন। এ কারণেই বৈঠকে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে রাখা হয়েছে। কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা করা হবে।

এদিকে বৈঠকে জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চোট নিয়েও আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান তিনি। পরে তার এমআরআই পরীক্ষা করানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। এ জন্য ভিসার ব্যবস্থাও করা হচ্ছে। বাফুফে জানিয়েছে, সাদের চিকিৎসা ও পুনর্বাসনের যাবতীয় ব্যয় ফেডারেশন বহন করবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে থাকবে সংস্থাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত