৮টি চেয়ে ৭ উইকেট পেয়ে ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন

ভাগ্যের উপর তাসকিনের বিশ্বাস বেশ জোরালো। কয়েকবারই বলেছেন, ফাইফার ( ইনিংসে ৫ বা তার বেশি উইকেট) পেতে ভালো বোলিং এর পাশাপাশি ভাগ্যও লাগে। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ভাগ্যের ছোঁয়া ভালোভাবেই পেয়েছেন তাসকিন। মাসের দ্বিতীয় দিনে, ম্যাচের দ্বিতীয় ওভারে বল হাতে পাওয়া তাসকিন দ্বিতীয় বলেই আউট করলেন লিটন দাসকে। তখনই তাসকিন বুঝে গিয়েছিলেন, দিনটা তার। ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন, ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তাসকিন, তার দল দূর্বার রাজশাহীও জিতেছে ৭ উইকেটে।

ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচেও বোলিং ভাল করেছিলেন তাসকিন, তবে দলকে জেতাতে পারেননি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অন্তত সেই আক্ষেপ নেই। ৭ উইকেট পাওয়ার প্রসঙ্গে তাসকিন রসিকতা করেই বলছিলেন, 'আমাদের দলের ম্যাসিউর আনোয়ার খেলার আগে বলছিল যে আমি ৪ উইকেট পাব। আমি বললাম, আল্লাহ'র কাছে চাইলে কম চাইব কেন, ৪ নয় ৮ উইকেট পাব এই দোয়া করিস'। এরপর ৭ উইকেট পেয়ে গেলাম। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি,দল জিতেছে। ভাল লাগছে।'

ইনিংসের শেষ বলে মোস্তাফিজুর রহমানকে ইয়র্কারও দিয়েছিলেন, কিন্তু তিনি সময়মত ব্যাট নামিয়ে ফেলায় ৮ নম্বর উইকেটটা আর পাওয়া হয়নি তাসকিনের। এই প্রসঙ্গে বললেন, 'লোভে যাইনি, হাফভলি হলে চার হয়ে যেতে পারত।আমি একটা একটা করে বল নিয়ে পরিকল্পনা করেছি, পরিস্থিতি অনুযায়ী কি করতে হবে সেটা স্পষ্ট ছিল মাথায়। যখনি অধিনায়ক আমার হাতে বল তুলে দিয়েছে আমি ব্রেক থ্রু দিতে পেরেছি, ভাল লাগছে আলহামদুলিল্লাহ।'

ম্যাচসেরার পুরস্কারটিও উৎসর্গ করেছেন নিজের সন্তানকে। সব মিলিয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তাসকিন ঠাঁই করে নিয়েছেন ইতিহাসের পাতায়।