অব্যবস্থাপনায় ঘেরা বিপিএল, যা বলছে এনএসসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর আগে কনসার্টসহ বিভিন্ন আয়োজন নিয়ে ছিল বড় ধরনের আলোচনা। তবে মাঠের খেলা শুরু হওয়ার পর থেকেই অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্ট। বিষয়টি নজর এড়ায়নি ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি টিকিটিং থেকে শুরু করে স্টেডিয়ামের ব্যবস্থাপনায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে অবহিত করেন। 

সচিব বলেন, 'টিকিটিং নিয়ে দর্শকদের ভোগান্তি ছিল। স্টেডিয়ামের মুগ্ধ কর্নারসহ আরও কিছু বিষয়ে অব্যবস্থা দেখা গেছে। এগুলো সমাধানে বিসিবিকে বলা হয়েছে।'

মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সে টিকিট না পেয়ে দর্শকরা ভাঙচুর করেন। এতে কমপ্লেক্সের কাচ ও গ্রিল ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণ ডায়েরি করেছে এবং বিসিবিকে আরও স্বচ্ছ ও গতিশীল ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দিয়েছে।

বিপত্তি ঘটেছে অন্যত্র। ৩০ ডিসেম্বর বিসিবি সভাপতির সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলমের বিপিএল অব্যবস্থাপনা প্রসঙ্গে বাদানুবাদ হয়েছে। উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে বিসিবি সভাপতির মতানৈক্যের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সেই সময় উপস্থিত ছিলেন। 

এই প্রসঙ্গে ক্রীড়া অধিদপ্তরের সচিবের বক্তব্য, ‘বিপিএলের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ও যুক্ত হয়ে কাজ করছে সুন্দর একটি তারুণ্যের উৎসব উপহার দেওয়ার জন্য। আমরা ক্রীড়া মন্ত্রণালয় চাই বিপিএল সুন্দর ও সকলের অংশগ্রহণের হোক। সেই দৃষ্টিকোণ থেকে তিনি (মাহফুজ আলম) পর্যবেক্ষণ দিয়েছিলেন।’