অভিষেকে হচ্ছে মাফাকার, প্রোটিয়া ক্রিকেটে নতুন ভোরের অপেক্ষা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

নতুন ভোরের আলোয় শুক্রবার নিউল্যান্ডসে যখন দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের মুখোমুখি হবে, তখন ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এক তরুণ প্রতিভার দিকে। মাত্র ১৮ বছর ২৭০ দিনের কুইনা মাফাকা, যিনি টেস্ট ক্রিকেটে নিজ দেশের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। এখনো স্কুল পরীক্ষার ফলাফল হাতে পাননি, তবে ইতিমধ্যেই তার ক্রিকেট প্রতিভার আলো ঝলমল করছে আন্তর্জাতিক মঞ্চে।

মাফাকার দ্রুতগতির বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, 'আমরা জানি, তার প্রতিভা কতটা অসাধারণ।' সম্প্রতি ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গতিতে বল করে তিনি দর্শকদের মন জয় করেছেন। তার বলের গতি ও নিখুঁত বাউন্সারে প্রতিপক্ষের ব্যাটারদের নড়বড়ে হতে দেখা গেছে। এমনকি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও তার গতি ও বাউন্সার বিপাকে ফেলেছে।

এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাফাকার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন তিনি। তখন থেকেই তার প্রতিভার দিকে নজর ছিল দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুকরি কনরাডের। '১৫ বছর বয়সে আমি তাকে প্রথম দেখি এবং তখনই বুঝেছিলাম, এই ছেলেটি একদিন অনেক বড় মঞ্চে খেলবে,' বলেছেন কনরাড।  

মাফাকার ক্যারিয়ারের পথচলায় ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে। ২০২২ সালে ক্যারিবিয়ান বিশ্বকাপে সুযোগ পাওয়া থেকে শুরু করে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে শ্রীলঙ্কা সফর—সব জায়গায়ই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। শ্রীলঙ্কা সফরেই তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল, যেখানে তার পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে।  

নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে এই অভিষেক ম্যাচটি শুধুই আরেকটি সুযোগ নয়, বরং মাফাকার জন্য এটি তার প্রতিভার প্রথম বড় মঞ্চ। টেম্বা বাভুমা বলেছেন, 'এই ম্যাচ তার জন্য কোনো পরীক্ষা নয়। আমরা জানি, সে কী করতে পারে। আমরা চাই সে তার স্বাভাবিক খেলাটা খেলুক এবং নিজের সেরাটা উপহার দিক।'

এবারের ম্যাচে মাফাকাকে সম্ভবত কাগিসো রাবাদার সঙ্গে নতুন বল হাতে দেখা যাবে। তরুণ এ গতিদানবের জন্য এটি শুধু বড় অভিজ্ঞতা নয়, বরং তার ভবিষ্যৎ গড়ার মঞ্চ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে গতির ঝড় তোলা এ প্রতিভা যেন নিজের ডানা মেলে দিতে পারে, সেটিই চাইছেন দলের সবাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত