গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেও ভোক্তাপর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতের অন্যান্য ওজনের এলপি গ্যাসের দামও রাখা হয়েছে অপরিবর্তিত।
তবে গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬.৮১ টাকা থেকে কমিয়ে ৬৬.৭৮ টাকা করা হয়েছে। অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে আগের মতোই।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে চলতি মাসের নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ, যা সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
ঘোষিত দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১২১ টাকা ১৯ পয়সা বিবেচনায় সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের বোতলজাতকৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে। একইভাবে বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেডেট পদ্ধতিতে তরল ও গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত এলপিজির দামও রয়েছে অপরিবর্তিত।
এর আগে গত বছর চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে সাত দফা। অপরিবর্তিত ছিল গত ডিসেম্বর মাসের দাম।