কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এদিকে ঝিনাইদহে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আবার বরিশালে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের লিটন গাজী (১৮) এবং উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের আব্দুর রহমান (১৮)। শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করেছে।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর জয়নাতলা এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় কালিয়াকৈর থানা-পুলিশ। নিহত আমির হোসেন (৩০) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার মেঘলাল এলাকার কামাল শেখের ছেলে।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল সকালে হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভ্যানে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিংসান কিন্ডারগার্ডেনে যাওয়ার পথে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।
বরিশাল : বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (৩৮) হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন কক্সবাজার, ঝিনাইদহ, বরিশাল এবং কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।