এক্সপ্রেসওয়েতে বাস উল্টে খাদে আহত ২০

মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামক স্থানে সড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় কমপক্ষে ২০ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীরবাজার নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়।