ব্যালন ডি’অর ইস্যুতে রোনালদোকে ধুয়ে দিলেন রদ্রি!

ব্যালন ডি’অর দেওয়ার পর বেশ কয়েকমাস কেটে গেলেও বিতর্ক থামছে না। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের হাতে অনেকে এই পুরস্কার দেখলেও শেষ পর্যন্ত পেয়ে যান স্পেনের রদ্রি। এ নিয়ে ফুটবলবিশ্ব দুইভাগ হয়ে গিয়েছিল। এবার রদ্রি নিজেই মুখ খুললেন; ধুয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

গত ২৭ ডিসেম্বর দুবাইয়ে গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডসে রোনালদো বলেছিলেন, ‘আমার মতে, ভিনিসিয়ুস ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সেও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং ফাইনালে গোল করেছে।’

রোনালদোর কথার জবাবে এবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে রদ্রি বলেছেন, ‘এটা বিস্ময়কর। সত্যিই। কারণ, পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, সেটা তিনি অন্য যে কারও চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো, যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এ বছর (আসলে ২০২৪ সালে) ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন, পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয়, তখন তিনি আপত্তি করেননি।’

ব্যালন ডি’অর না পেলেও ভিনিসিয়ুস অবশ্য ‘ফিফা দ্য বেস্ট’ পদক জিতে নিয়েছেন। এদিকে চোটের কারণে মাঠের বাইরে আছেন রদ্রি। মার্চে নেশনস লিগের ম্যাচ খেলবে স্পেন। এছাড়া তার ক্লাব ম্যানচেস্টার সিটি আগামী জুনে ক্লাব বিশ্বকাপে খেলবে। এর আগে নিজের সুস্থ হওয়া নিয়ে রদ্রি বলেন, ‘এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে আমি আরেকটু আগে ফিরতে চাই। এটা নিয়ে ভাবছি। এ বছর এ দুটি বড় টুর্নামেন্ট আমার মাথায় আছে।’