সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল থেকে শুরু হতে চলা সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের নেতৃত্বে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ। অধিনায়ক রোহিত শর্মা নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় শিবির থেকে খবর, রোহিত এই বিষয়ে হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারকে অবহিত করেছেন, এবং তাদের সাড়া ইতিবাচকই ছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে রোহিত শর্মার এমন সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেট মহলে। বিশেষত, ভারতীয় ড্রেসিংরুমে বিভেদ নিয়ে গুঞ্জন শুরু হওয়ায় তা আরও জোরালো হয়।
তবে গম্ভীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'রোহিতের সঙ্গে সব ঠিক আছে। ওর ব্যাপারে যা শোনা যাচ্ছে, তা ভিত্তিহীন। আমরা উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'
তবে দিনের শেষে ইঙ্গিত স্পষ্ট, রোহিত এই ম্যাচে থাকছেন না। নেটে রোহিতের অনুশীলনের সীমাবদ্ধতা এবং জাসপ্রিত বুমরার সঙ্গে দীর্ঘ আলোচনার দৃশ্য সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
যদি বুমরা কাল টস করতে নামেন, এটি হবে তার এই সিরিজে দ্বিতীয়বার ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। এর আগে, তিনি পার্থে ভারতকে ঐতিহাসিক ২৯৫ রানের জয় এনে দিয়েছিলেন।
ভারতের জন্য এই ম্যাচ বর্ডার-গাভাস্কার ট্রফি রক্ষার লড়াই। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতকে সিডনি টেস্ট জিততেই হবে। আর এই লড়াইয়ে বুমরাহর নেতৃত্বে নামছে ভারত।
রোহিতের এই ‘বিশ্রাম’ তরুণ প্রতিভা শুবমান গিলের জন্য আবারও সুযোগ তৈরি করেছে। সম্ভাব্য একাদশে গিলকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে। ওপেনিংয়ে থাকছেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল, যারা প্রথম টেস্টে রেকর্ড ২০১ রানের জুটি গড়েছিলেন।
২০২৪ সালের প্রথমার্ধে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শেষদিকে এসে যেন ছন্দ হারিয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ম্যাচে করেছেন মাত্র ৯১ রান। তার গড় নেমে এসেছে ২৪.৫৬-এ। অস্ট্রেলিয়ার মাটিতে তার ব্যাটিং আরও হতাশাজনক—তিন ম্যাচে করেছেন মাত্র ৩১ রান।
রোহিত যদি সত্যিই এখানেই তার টেস্ট অধ্যায় শেষ করেন, তবে তিনি ৬৭ ম্যাচে ৪ হাজার ৩০১ রান এবং ১২টি সেঞ্চুরি নিয়ে বিদায় নেবেন। ২০২২ সালে কোহলির জায়গায় অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর তিনি ভারতকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন। তার নেতৃত্বে ভারত পৌঁছেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
টিভির সামনে নয় সিডনিতে এবার মাঠেই থাকবেন সৈকত
ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যের যে জবাব দিলেন রদ্রি
আজ থেকে কাগজে-কলমেও এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের
শততম শিরোপার পথে আরও একধাপ এগোলেন জকোভিচ