ধোনির ‘হেলিকপ্টার শট’ যেভাবে আয়ত্ত করলেন মাহিদুল

হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত হয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই শট আরও অনেকের ব্যাটেই দেখ গেছে, কিন্তু ধোনি যেন অনন্য। চলতি বিপিএলে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটেও দেখা যাচ্ছে ‘হেলিকপ্টার শট’। কৌতুহলের অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়েছেন এমন শট রপ্ত করার পেছনের গল্প।

গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার চিটাগং কিংসের বিপক্ষে ২২ বলে ৬ ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন খুলনা টাইগার্সের মাহিদুল। ফিফটি পূরণ করেছিলেন মাত্র ১৮ বলে, যা বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম। সেই ইনিংস খেলার পথে তাকে হেলিকপ্টার শট মারতে দেখা যায়। জিতে নেন ম্যাচসেরার পুরস্কারও।  

এর দুদিন পর সংবাদমাধ্যমকে ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটার জানান হেলিকপ্টার শট রপ্ত করার গল্প, ‘আমি শুধু চেয়েছি, বলটা কীভাবে টাইমিং করা যায়। আমার মনে হচ্ছিল, ওরকম ডেলিভারি আসতে পারে। তার জন্য ওই শটটা খেলতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি যে, ইয়র্কার বলে কীভাবে স্কোর করা যায়। ইয়র্কার বা লো ফুলটস সব, ওখান থেকে আসা সবকিছু।’

৫৯ রানের ওই ইনিংস নিয়ে মাহিদুল বলেন, ‘অবশ্যই কাজ করেছি। চেষ্টা করেছি আরও কীভাবে উন্নতি করা যায়। এখনও পর্যন্ত যতগুলো বিপিএল খেলেছি, একেক সময় আমার ভূমিকা একেক রকম ছিল। শেষবার যখন বিপিএল খেলেছি তখন আমার ভূমিকা ছিল অন্যটা। এখানে আমার ভূমিকা অন্যরকম। খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট, অধিনায়ক তারা আমাকে ওইভাবে অনুপ্রাণিত করেছে, আমি যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি।’