শচীন টেন্ডুলকার থেকে থেকে শুরু করে ক্রিস গেইল, ক্রিকেট ইতিহাসের সেরা শটগুলোর কারিগরদের একত্র করে নিজের স্বপ্নের ‘আদর্শ ওয়ানডে ব্যাটার’ বা নিখুঁত ব্যাটসম্যানের অবয়ব ফুটিয়ে তুলেছেন ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি। তবে সেই তালিকায় অনেককেই চমকে দিয়ে রাখেননি দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মা বা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার ঘরের মাঠে ১৩৯ রানের এক অনবদ্য ইনিংস খেলার পর গতকাল সিরিজের হোস্ট ব্রডকাস্টার স্টার স্পোর্টস-এর মুখোমুখি হয়ে ক্রিকেট ইতিহাসের সেরাদের নিয়ে নিজের ‘আইডিয়াল ওয়ানডে ব্যাটার’দের তালিকা তুলে ধরেন এই ভারতীয় তারকা।
কোহলির গড়া সেই তালিকায় শট নির্বাচনের বিচারে স্ট্রেইট ড্রাইভের জন্য শচীন টেন্ডুলকার, কাভার ড্রাইভের জন্য কুমার সাঙ্গাকারা এবং ফ্লিক শটের জন্য রাহুল দ্রাবিড়কে বেছে নেওয়া হয়েছে। এছাড়া কাট শটে বীরেন্দর শেবাগ, সুইপ শটে ম্যাথু হেইডেন, ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ক্রিস গেইল এবং রানিং বিটুইন দ্য উইকেটে এবি ডি ভিলিয়ার্স জায়গা পেয়েছেন তার স্বপ্নের দলে।
সেখানেই ছক্কা হাঁকানোর ক্ষেত্রে গেইলকে বেছে নিলেও এই তালিকায় জায়গা পাননি রোহিত কিংবা ধোনি। তাতেই কিছুটা অবাক বনে গেছে ক্রিকেটপ্রেমীরা। ধোনির সঙ্গে কোহলির বোঝাপোড়াটা বেশ পুরনো। আবার মাঠের বাইরের নানা গুঞ্জন ছাপিয়ে রোহিতের সঙ্গেও সখ্যতাও বেশ ভালো। এতে অনেকে এই দুইজনের নামটা কোহলির সাজানো যেকোনো দলেই অবধারিতই দেখেন। তবে ক্রিকেটীয় বিচারে কোহলির পক্ষ থেকে মিলল এই ভিন্ন রেখা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিরুবনন্তপুরমের মাঠে ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ১৩৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। এই সেঞ্চুরির সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৮৬তম এবং ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি শচীনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শচীন ও ধোনিকে নিয়ে কোহলি বলেন, ‘আমার কাছে শচীন পাজি সবসময়ই শচীন পাজি থাকবেন। আমার প্রথম অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি সবসময়ই ধোনি থাকবেন। আমার ভেতরের এই অনুভূতিগুলো কখনো বদলাবে না।’
নিজের ক্যারিয়ার নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি কখনোই নিজেকে এমন একজন হিসেবে দেখি না যে সব পেয়ে গেছে এবং প্রতিষ্ঠিত। আপনি কখনোই এমন কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না যেখানে মনে হবে, ব্যস, আমি এটি করে ফেলেছি।’