বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে অন্যদেশে আত্মসমর্পণ করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর মিথ্যা মামলা দিয়ে এতো জুলুম নির্যাতনের পরও এখন পর্যন্ত তিনি দেশেই আছেন। দেশ ছেড়ে কোথাও যাননি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সভায় জাহিদ হোসেন বলেন, যারা দুঃসময়ে দলের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন এখনও দলের জন্য কাজ করেছেন তারাই দলের নেতৃত্ব দিবেন। অন্যরাও পাশে থাকবে তাদের দূরে সরিয়ে দিব না। তবে তাদের দলের মূল দায়িত্বে দেওয়া হবে না।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের কারণে বিগত ১৭ বছর যাবত দলের কাউন্সিল ঠিকমতো করতে পারিনি। আমাদের দলে অনেক নেতা তৈরি হয়েছে। যাদের পদ দেওয়া দরকার, তাদের দিতে পারিনি। এখন থেকে নির্বাচনের মাধ্যমে সকল কমিটি হবে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান প্রমুখ।