চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের আনোয়ারায় চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগর, আনোয়ারা ও রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে থানায় মামলা রেকর্ডের পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো.মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর গ্রামের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে আবুল কাসেম (৩২), একই এলাকার মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ করিম (৩৪), ভোলার লালমোহন উপজেলার তরাগঞ্জ গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ আব্বাস (৩০) ও আনোয়ারা উপজেলার চাতরী গ্রামের মোহাম্মদ জসিমের ছেলে মোহাম্মদ জিসান (১৯)।

এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে চালক মিজানকে ছুরিকাঘাত করে ৩-৪ জন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশার মালিক মো. রিপন আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।