দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন সাকিব আল হাসান। বিসিবির সবুজ সংকেতও মিলেছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি। দেশ ছাড়ার পর দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে অংশ নিতে চেয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পরিস্থিতির জেরে মাঠে ফেরা হয়নি তার। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু আসরেও তাকে বিবেচনায় নেয়া হয়নি। বিপিএলেও কোনো দলে খেলার জন্য নিবন্ধন করলেও মাঠে নামতে পারেননি দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। এমন পরিস্থিতিতে তাকে ঘিরে আলোচনা অনেকটাই স্তিমিত হয়ে যায়।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছেন সাকিব। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত এই মর্যাদার টুর্নামেন্টে তাকে দলে পেতে চেষ্টা চালাচ্ছে বিসিবি।
এ বিষয়ে শুক্রবার (৩ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে চেষ্টা করবে বিসিবি। বিপিএলের মাঝেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সেরা দল নিয়েই এই টুর্নামেন্টে অংশ নিতে চাই, এবং সাকিব দেশের ক্রিকেটের বড় সম্পদ।’
সাকিবকে ফেরানো নিয়ে বিসিবির এই উদ্যোগ নতুন করে জল্পনা-কল্পনা তৈরি করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। তবে তার ফিটনেস এবং মাঠে ফেরার প্রস্তুতি কেমন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত আসবে বিপিএলের মাঝামাঝি সময়েই।