সেই করুন নায়ারের আবার ট্রিপল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

একবারও আউট না হয়ে ৫৪২ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ার। শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশেরর বিপক্ষে বিদর্ভের আট উইকেটের জয়ের ম্যাচে ১১২ রান করেন করুন। এ নিয়ে বিজয় হাজারে ট্রফির চলতি মৌসুমে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ এবং টানা তৃতীয় সেঞ্চুরি হাঁকান তিনি। তিনিই ভারতের সেই ব্যাটসম্যান যিনি ২০১৬ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিকত ট্রিপল সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছিলেন। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রানের কীর্তিতে করুন পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাংকলিনকে। ২০১০ সালে একনাগারে ৫২৭ রান করেছিলেন তিনি। তালিকায় থাকা অন্য নামগুলো হলো জশুয়া ফন হিরডেন (৫১২), ফখর জামান (৪৫৫) ও তৌফিক উমর (৪২২)।

করুনের অপরাজিত থাকার ধারা শুরু হয় গত বছরের ২৩ ডিসেম্বর। জম্মু কাশ্মিরের বিপক্ষে ওই ম্যাচে ১০৮ বলে ১১২ রান করেছিলেন তিনি। পরের ম্যাচে ছত্তিশগড়ের বিপক্ষে করেন ৪৪ রান। মৌসুম সর্বোচ্চ ১৬৮ রানের ইনিংস খেলেন চন্ডিগড়ের বিপক্ষে পরের ম্যাচে। আর বছর শেষ করেন তামিল নাড়ুর বিপক্ষে ১১১ রানে ইনিংসে।  আজ ১১২ রানে থামার আগে এর কোনো ইনিংসেই আউট হননি তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত