ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি আবদুল হক মানিক এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাকিম আহমেদ।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
এদিন ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এর স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।