কোন শর্তে জামিন পেলেন আল্লু অর্জুন?

নতুন বছর আসতেই স্বস্তিতে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের শেষে ক্যারিয়ারের চরম সাফল্যের পাশাপাশি বিপত্তিতে পড়তে হয় পুষ্পাস্টারকে। ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় এবার শর্তসাপেক্ষ জামিন পেলেন আল্লু। ৫০ হাজার রুপির দুটি বন্ডে সাক্ষর করে জামিন পেলেন তিনি। পাশাপাশি প্রতি রবিবার তাকে হাজিরা দিতে হবে ছিখাদ পল্লী পুলিশ স্টেশনে।

আল্লুর ভক্তসংখ্যা অগণিত। বক্স অফিসে তার প্রাপ্তির অঙ্কও বেশি। সেই আল্লুই এক রাত কাটাতে হয় জেলে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলাকালীন তারই এক অনুরাগী নারীর মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। ওই নারীর ছেলেও হাসপাতালে ভর্তি। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে। একরাত কাটিয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।

প্রিজনার নম্বর ছিল ৭৬৯৭। সূত্রের খবর, সারা রাত মেঝেতে শুয়েই কাটাতে হয়েছে অভিনেতাকে। সকালে তার বেরোনোর সময় হতেই জেল চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় জেলের বাইরে।

ওই অনুরাগীর মৃত্যুর পর আল্লু অর্জুন ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর শুক্রবার সকালে অভিনেতার বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। তবে কিছু প্রক্রিয়ার জন্য জেল থেকে বেরোতে পারেননি। এরপর তিনি বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার কথাও বলেছিলেন। যদিও জট কাটেনি তাতে। এবার বছর ঘুরতেই খানিকটা স্বস্তিতে সুপারস্টার।